শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল রেকর্ড ৭০ লাখ ৮৫ হাজার টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স (সিন্দুক) থেকে এবার মোট ৭০ লাখ ৮৫ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপা পাওয়া গেছে।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে ৩য় বারের মতো মাজারের দানবাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শুরু হয় এবং আছরের পর এই গণনা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা
গণনা শেষে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ব্রিফিং দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, স্বচ্ছতা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনব্যাপী গণনা শেষে নগদ ৭০ লাখ ৮৫ হাজার ৬৭২ টাকা জমা হয়েছে।
প্রাপ্ত স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার তালিকা
নগদ বাংলাদেশি টাকার পাশাপাশি দানবাক্সে উল্লেখযোগ্য পরিমাণ সোনা-রুপা ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে:
স্বর্ণ ও রুপা: স্বর্ণ ২ ভরি ১ রতি এবং রুপা ১ ভরি ২ আনা।
যুক্তরাজ্য (পাউন্ড): ৩১ পাউন্ড ১১ সেন্ট।
ভারত ও পাকিস্তান: ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি এবং ৬০ পাকিস্তানি রুপি।
সৌদি আরব ও মধ্যপ্রাচ্য: ৭০ সৌদি রিয়াল, ৬৪ দিরহাম ২২ সেন্ট (সংযুক্ত আরব আমিরাত), ১ রিয়াল ও ১ হাজার পয়সা (ওমান), ১১২ রিয়াল ৫০ পয়সা (কাতার), ২৫০ ইরাকি দিনার, বাহরাইনের ১ পয়সা এবং লেবাননের ১০ পাউন্ড।
অন্যান্য দেশ: ৪ মার্কিন ডলার, ১ কানাডিয়ান ডলার, ৯০ তুর্কি লিরা, ৮৩ মালয়েশিয়ান রিঙ্গিত, ১০০ নেপালি রুপি, ১ হাজার ভিয়েতনামি মুদ্রা (ডং), ১ হাজার জাপানি ইয়েন এবং মিসরের ১০ পাউন্ড।
প্রাপ্ত সকল অর্থ ও মূল্যবান সামগ্রী যথাযথ নিয়মে মাজার তহবিলের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা