বিশ্বনাথে মাদকবিরোধী পৃথক অভিযান: ১ জনের ৩ মাসের কারাদণ্ড, ৩৯ পিস ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন ও পুলিশ। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গাঁজা সেবনকালে কারাদণ্ড ও অর্থদণ্ড
উপজেলার লামাকাজী ইউনিয়নের শাহাপুর খালপার গ্রামের বাসিন্দা আবদুল হান্নানকে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
৩৯ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
এর আগে বুধবার বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ সুমন দেবনাথ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সুমন দেবনাথ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, আটককৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম সোহাগ ফরাজী