‘হাসিনার সিস্টেম না ভেঙে বিদ্যুৎ খাত বাঁচান’: চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড়
বিনোদন ও বিনোদন রাজনীতি ডেস্ক
দেশের সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতি, অতীত ও বর্তমান রাজনীতি এবং মেগা প্রজেক্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ ও বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজনৈতিক সচেতনতা ও অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে দেওয়া তাঁর এই পোস্টটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল ও আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসের মূল বক্তব্য ও পেছনের ইতিহাস:
মাহিয়া মাহি তাঁর স্ট্যাটাসে নব্বই ও ২০০০-এর দশকে বিএনপির শাসন আমলের বিদ্যুৎ সংকটের কথা মনে করিয়ে দেন। সে সময়ে দেশজুড়ে দিনের পর দিন চলা ভয়াবহ লোডশেডিং, খাম্বা বিতরণের বিতর্ক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান টুকুর ভূমিকার কঠোর সমালোচনা করেন তিনি। এছাড়া যাত্রাবাড়ী-শনির আখড়ায় তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের গণধাওয়ার শিকার হওয়ার স্মৃতিও তাঁর লেখায় উঠে আসে।
শেখ হাসিনার মেগা প্রজেক্ট ও ১০০% বিদ্যুৎ কাভারেজ:
২০০৮ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট নিরসনে গৃহীত পদক্ষেপের প্রশংসা করে মাহি লেখেন, কুইক রেন্টাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল ও মাতারবাড়ীর মতো বড় বড় প্রকল্প হাতে নিয়ে সরকার কীভাবে দেশে শতভাগ বিদ্যুৎ কাভারেজ নিশ্চিত করেছিল। সমালোচনা বা দুর্নীতি সত্ত্বেও শিল্পায়ন ও গার্মেন্টস খাতকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের গুরুত্ব শেখ হাসিনা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছিলেন বলে তিনি মন্তব্য করেন।
আফ্রিকার অভিজ্ঞতা ও সতর্কবার্তা:
আফ্রিকায় নিজের সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা ও বিশ্বব্যাংকের কেস স্টাডির কথা উল্লেখ করে মাহি বলেন, সোমালিয়ার মতো দেশগুলোতে বিদ্যুতের চড়া মূল্য ও চরম সংকটের কারণে পুরো মহাদেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। পরিশেষে বর্তমান নীতি-নির্ধারকদের প্রতি সতর্কবার্তা দিয়ে মাহি লেখেন—
“সাপ্লাই চেইন ঠিক করেন। নতুন সিস্টেম বানানোর আগে হাসিনার ডেভেলপ করা সিস্টেম ভাইংগেন না। আরও বিপদে পড়বেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহির এই পোস্টটি নিয়ে বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে বেশ চর্চা চলছে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবন যাএা