নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ মোট ১৩ আসামি গ্রেফতার
দৈনিক জীবনযাত্রা ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে ৩০ ও ৩১ জুলাই বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাতে একাধিক স্থানে অভিযান
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্দর থানার একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক মোঃ উজ্জল হোসেন (৩২), জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগ সদস্য মেজবাহ উদ্দিন (৪০), আওয়ামী লীগ কর্মী মোঃ টিপন (৪৬), আব্দুর রব (৫৬) এবং আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫)।
পর্যায়ক্রমে আরও ৭ জন গ্রেফতার
এরপর আলাদা দল গঠন করে ভোররাত থেকে সকাল পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকে। ৩০ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মদনপুর এলাকা থেকে আল আমিন ওরফে সাগর (৩২)-কে গ্রেফতার করে পুলিশ।
৩১ জুলাই ভোর পৌনে ৬টার দিকে নয়ামাটি এলাকা থেকে ওয়াদুত মোল্লা (৫২)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে। তারা হলেন— মোঃ মেহেদী হাসান ইমুন (৩০), মোঃ সাকিব (১৯), আনোয়ার হোসেন (৫৫), ফয়সাল (২৫) এবং ফারুক।
বন্দর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এস এম সোহাগ ফরাজী।