ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা সম্পন্ন, সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়
বিশেষ প্রতিবেদক | দৈনিক জীবনযাত্রা:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও জ্যেষ্ঠ ক্রাইম রিপোর্টার আবুহেনা রাসেলের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে ডিআরইউ প্রাঙ্গণে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করে শেষ বিদায় জানান ডিআরইউ ও ক্র্যাবের নেতৃবৃন্দসহ প্রবীণ-নবীন সহকর্মীরা।
হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মোহাম্মদপুরের বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে আসাদ গেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে যান সাংবাদিক আবুহেনা রাসেল। সেখানে হঠাৎ তীব্র বুক ব্যথায় অসুস্থ হয়ে পড়লে পথচারীরা তাঁকে দ্রুত শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
ডিআরইউ ও ক্র্যাবের শেষ শ্রদ্ধা ও শোক
জানাজা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পক্ষে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আবুহেনা রাসেলের অকালমৃত্যুতে ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। যৌথ শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় ডিআরইউ-র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম মিঠু এবং সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মোহাম্মদ নঈমুদ্দীনসহ গণমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ।
তিন দশকের বর্ণাঢ্য সাংবাদিকতা ক্যারিয়ার
১৯৬৯ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন আবুহেনা রাসেল। তিনি ২০০০ সালের দিকে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন। পরবর্তীতে কিছুদিন কানাডায় প্রবাসজীবন কাটিয়ে ২০১৬ সালে দেশে ফিরে পুনরায় মূলধারার সাংবাদিকতায় সক্রিয় হন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক সমকালের অপরাধ বিভাগে (Crime Department) সুনামের সাথে কাজ করেছেন। মৃত্যুকাল পর্যন্ত তিনি ‘দৈনিক খবর সংযোগ’-এর সঙ্গে যুক্ত ছিলেন।
এস এম সোহাগ ফরাজী।