ছাতকে সংঘবদ্ধ চোরচক্রের আস্তানা উন্মোচন: দেড় লাখ টাকার চোরাই মোটর ও নৌকাসহ আটক ৪
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি
ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতক ও পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এক সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৬টি চোরাই মোটর এবং চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক রেলওয়ে কলোনি এলাকায় সুরমা নদীর তীরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন— তোফাজ্জল হক (২২), জুবের মিয়া (২৩), আবু বক্কর (২২) ও রমজান মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকার একটি বালুর স্টক থেকে বেশ কয়েকটি মূল্যবান মোটর চুরি হয়। চোরচক্রটি চোরাই মালামাল বিক্রির উদ্দেশ্যে ছাতকে নিয়ে আসছে—এমন গোপন খবরের ভিত্তিতে সুরমা নদীর তীরে ওঁৎ পেতে অভিযান চালায় পুলিশ।
পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ এলাকার সুরমা ও পিয়াইন নদী তীরবর্তী বিভিন্ন ক্রাশারমিল এবং বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি চুরি করে আসছিল।
এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে এবং এ ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।