বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস দুর্ঘটনা, আহত ৫: রাস্তা যেন মরণফাঁদ, এমপি’র সু নজর চান ভুক্তভোগীরা
বিশ্বনাথ-জগন্নাথপুর আঞ্চলিক প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:
সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বগিরচক নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খেয়েছে। এতে চালকসহ অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ধুমড়েমুচড়ে গেলেও অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আজ ১৯ জুলাই (রোববার) দুপুর ১২টার দিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
গর্ত নয়, রাস্তা যেন কবর!
দুর্ঘটনার খবর পেয়ে দৈনিক জীবনযাত্রা-র সিলেট প্রতিনিধি সরেজমিনে দুর্ঘটনাস্থল ও বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক পরিদর্শন করেন। এ সময় দেখা যায়, পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় ও অসংখ্য মরণফাঁদ সদৃশ গর্তের। পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কের অবস্থা এতটাই নাজুক যে, প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন,
“এই সড়কটি এখন আর রাস্তা নেই, রাস্তার গর্তগুলো একেকটি কবরে পরিণত হয়েছে! সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে ডোবার মতো হয়ে যায়, যার কারণে চালকরা গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ হারাচ্ছেন। প্রতি কয়েকদিন পর পরই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং মানুষ পঙ্গুত্ব বরণ করছে।”
রাস্তা সংস্কারে সংসদ সদস্যের প্রতি জোর দাবি
বিশ্বনাথ ও জগন্নাথপুর— এই দুই উপজেলার লাখ লাখ মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র প্রধান মাধ্যম এই আঞ্চলিক সড়কটি। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় দুই উপজেলার সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা চরম দুর্ভোগে রূপ নিয়েছে।
ভুক্তভোগী চালক, যাত্রী ও স্থানীয় জনসাধারণ এই দুর্ভোগ লাঘবে এবং সড়কটি দ্রুত ও টেকসইভাবে সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্যের (এমপি) জরুরি হস্তক্ষেপ ও সু-নজর দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
এস এম সোহাগ ফরাজী।।