বরিশালে ডিবির বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক!
বরিশাল ব্যুরো | দৈনিক জীবনযাত্রা:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল ১৫ জুলাই (বুধবার) বেলা ১১টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান চালানো হয়।
রামপট্টি বাজারে ডিবির হানা
ডিবি পুলিশ জানায়, বিএমপি গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. রাকিব হোসাইনের নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজারে অভিযান পরিচালনা করে। বাজারের ব্যবসায়ী কামাল হোসেনের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন এক নারীর গতিবিধি লক্ষ্য করে পুলিশ তাঁকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে নীল রঙের জিপার প্যাকেটে মোড়ানো ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পরিচয়
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম খাইরুন নেছা (২২)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১০ নম্বর ওয়ার্ডের কোতোয়ালি মডেল থানাধীন কোস্টগার্ড বরফকল এলাকার মো. মামুন হাওলাদারের স্ত্রী। তাঁর বাবার নাম এমরান খান এবং মাতার নাম হাছিনা বেগম।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক খাইরুন নেছা দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের উৎস ও এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এস এম সোহাগ ফরাজী।