বিয়ানীবাজারে জুম্মার নামাজের সময় নানার বাড়িতে পিতার দায়ের কোপে মেয়ে খুন, এলাকায় তোলপাড়
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক প্রত্যন্ত পল্লিতে আপন পিতার নির্মম দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামের এক কিশোরী মেয়ে নিহত হয়েছে। আজ ১০ জুলাই (শুক্রবার) পবিত্র জুম্মার নামাজ চলাকালীন সময়ে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এই লোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা, ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসী এবং নিহত রিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ১৭ বছর বয়সী তরুণী রায়কা আক্তার রিয়া বেশ কিছুদিন ধরে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে তার নানার বাড়িতে অবস্থান করছিল। সে ওই গ্রামের বাসিন্দা মশাইদ আলীর আপন নাতনি। আজ শুক্রবার দুপুরে যখন পুরো গ্রামের পুরুষেরা জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থান করছিলেন, ঠিক সেই নির্জন সময়ে নানার বাড়ির পুকুরে গোসল করতে যায় রিয়া।
গোসল করতে নামার পরপরই তার আপন পিতা আবু বক্কর ধারালো দা হাতে আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আবু বক্কর তার নিজের মেয়েকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। রিয়ার চিৎকার কেউ শোনার আগেই পুকুর ঘাটেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। দায়ের নির্মম ও উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। নামাজ শেষে বাড়ি ফিরে স্বজনেরা পুকুর ঘাটে রিয়ার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
পারিবারিক সূত্র আরও নিশ্চিত করেছে যে, ঘাতক পিতা আবু বক্করের মূল বাড়ি মূলত পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে। তবে ঠিক কী কারণে বা কোন পারিবারিক কলহের জের ধরে নানার বাড়িতে এসে আপন মেয়েকে এভাবে জুম্মার নামাজের সময় পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হলো, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার পর থেকেই ঘাতক পিতা আবু বক্কর পলাতক রয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। একই সাথে ঘাতক পিতাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে জুম্মার নামাজের মতো একটি পবিত্র সময়ে নানার বাড়ির ভেতরে ঢুকে আপন পিতার হাতে মেয়ের এই নৃশংস খুন পুরো সিলেট বিভাগ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ দ্রুত এই ঘাতক বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী