গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও সুসংহত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
গণতন্ত্র ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, শিক্ষা খাত এবং নারীর ক্ষমতায়নে সাম্প্রতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা দিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন ও ভবিষ্যৎ রূপরেখা
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় স্থানীয় সরকার নির্বাচন। এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ সবসময় যুক্তরাজ্যকে একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র আরও সুসংহত হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
উচ্চশিক্ষার প্রসারে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানান।
ইউএনওপিএস (UNOPS)-এর সঙ্গে বৈঠক
এদিকে, একই দিন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS)-এর বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনওপিএস প্রতিনিধিদল বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতেও তাদের কারিগরি ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দেয়।
সাক্ষাতকালে মন্ত্রণালয়ের পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী