প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য ‘রোবোসাব ২০২৬’ (RoboSub 2026) আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উদ্ভাবনী প্রকল্পের উপস্থাপনা
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী পানির নিচের রোবোটিক্স প্রকল্প ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রকল্পটির কারিগরি দিক সম্পর্কে ধারণা নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই উদ্যোগের জন্য তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষৎ: প্রধানমন্ত্রী
তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি।” তিনি গবেষণা ও বিজ্ঞানভিত্তিক কাজে তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। সৃজনশীল এই উদ্যোগগুলোকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান এবং আশা প্রকাশ করেন যে, তাদের এই সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। সাক্ষাৎ শেষে তিনি তাঁর রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে প্রধানমন্ত্রী নিজেও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।
‘প্রজেক্ট পোসাইডন’স কোড’ সম্পর্কে
শিক্ষার্থীরা জানান, ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’ বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পটি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) ‘সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স’-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে। আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতেই এই দলটি বিদেশ যাত্রার আগে প্রধানমন্ত্রীর আশীর্বাদ ও দিকনির্দেশনা নিতে সাক্ষাৎ করেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী