জুলাইয়ের নামে মামলা-হুমকি ও মব কালচার বন্ধের দাবি নতুনধারার
ঢাকা। ৭ জুলাই ২০২৬
‘জুলাই’-এর নাম ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানিমূলক মামলা, হুমকি এবং মব কালচার বন্ধের জোর দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে ৭ জুন (মঙ্গলবার) সকালে রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির নেতৃবৃন্দ।
‘জুলাই’-এর আড়ালে ষড়যন্ত্র ও অন্যায়ের অভিযোগ
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ পক্ষ ‘জুলাই’ বিপ্লবের আবেগকে পুঁজি করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করছে। নেতৃবৃন্দ বলেন, “জুলাইকে ব্যবহার করে উপদেষ্টা বা এমপি হয়েও তাদের খায়েশ মেটেনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ও যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা হয়েছে। এছাড়া স্বাধীন বাংলাদেশের মাটিতে বিদেশি শক্তির স্বাধীনতা দিবস পালনের সুযোগ দিয়ে সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করা হয়েছে।”
হয়রানিমূলক আইনী প্রক্রিয়ার প্রতিবাদ
নতুনধারার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক আইনী প্রক্রিয়ার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা বলেন, গত ১৩ বছর ধরে নতুনধারা অন্যায়, দুর্নীতি, খুন ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজপথে সোচ্চার। বাকস্বাধীনতা হরণ ও হয়রানিমূলক মামলার মাধ্যমে স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জুলাই-পরবর্তী সময়ে রাতারাতি ৩৮টি সংগঠন ও ৯৯টি প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারণ মানুষকে নিঃস্ব করার প্রক্রিয়া চলছে। সরকারি দপ্তরে একচেটিয়া টেন্ডারবাজি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, “বরেন্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি মোমিন মেহেদী ও শান্তা ফারজানার মতো যারা রাজপথে ন্যায়ের পক্ষে কথা বলছেন, তাদের দমাতে মব উসকে দেওয়া হচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করুন। দেশ ও জাতি বাঁচাতে যুদ্ধাপরাধীদের লেজুড়বৃত্তি বাদ দিয়ে সত্যিকারের দেশপ্রেমের পথে চলুন।”
সংবাদ সম্মেলনে নতুনধারার যুগ্ম মহাসচিব মনির জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল এবং সদস্য জামান সরদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী