মৌলভীবাজারে বাথরুম থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার
সিলেট প্রতিনিধি |শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
৭ জুলাই, ২০২৬
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ওই গ্রামের সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্থানীয় একটি শুটকির আড়তে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামের সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে আছে—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তল্লাশি চালিয়ে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী