সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক |
ঢাকা: সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (৫ জুলাই ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তালিকায় রয়েছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহমেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস. এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মফিজুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. বরকতউল্লাহ খান, টি. এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মো. মাশরুকুর রহমান খালেদ।
এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা হিসেবে মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং আব্দুল্লাহ আরেফও অবসরপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আদেশ জারির সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কয়েকজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তবে পৃথকভাবে তাদের বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়া সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় সরকার জনস্বার্থে নির্দিষ্ট শর্তে কোনো সরকারি কর্মকর্তাকে অবসরে পাঠানোর ক্ষমতা রাখে। সর্বশেষ জারি হওয়া এই প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হলো।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী