বিশ্বনাথে ১০ হাজার গাছের চারা বিতরণ, সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান এমপি তাহসিনা রুশদীর লুনার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, বর্তমান সরকারের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি একটি অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে। তাই যারা আজ একটি গাছের চারা গ্রহণ করছেন, তারা কেবল একটি চারা নয়, বরং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও গ্রহণ করছেন।”
এ সময় তিনি বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। তাঁর মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ আন্দোলন আরও বেগবান হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আরব খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বৃক্ষপ্রেমী ওমরা মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী