মহাখালী থেকে অপহৃত শিশু আতিকুল উদ্ধার, বনানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী সাততলা বস্তি থেকে অপহৃত ৬ বছর বয়সী শিশু আতিকুলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। একই অভিযানে বনানী এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শহিদুল চেয়ারম্যান, শাজাহান এবং মহিউদ্দিন মাতুব্বর। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, সংঘবদ্ধ চক্রটি মূলত অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের টার্গেট করত। বিভিন্ন কৌশলে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনে আকর্ষণীয় চাকরির প্রস্তাব দেওয়া হতো। পরে নির্দিষ্ট স্থানে ডেকে এনে একটি কোম্পানিতে বিনিয়োগ করলে উচ্চ মুনাফা বা চাকরির সুযোগ পাওয়া যাবে বলে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত।
তিনি বলেন, প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে চক্রটি অস্থায়ীভাবে অফিস ভাড়া নিত এবং সেটিকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে করপোরেট অফিসের পরিবেশ তৈরি করত। এতে অনেকেই তাদের কথায় বিশ্বাস করে বিনিয়োগ করতেন। টাকা হাতিয়ে নেওয়ার পরপরই তারা অফিস ছেড়ে অন্যত্র চলে যেত।
ওসি আরও জানান, চক্রের সদস্যরা বিভিন্ন সময় ভুয়া নাম-পরিচয় ব্যবহার করত এবং কোনো স্থানে ১০ দিনের বেশি অবস্থান করত না। প্রতারণা শেষে অফিসে থাকা আসবাবপত্র ফেলে রেখে দ্রুত গা-ঢাকা দিত, ফলে ভুক্তভোগীরা তাদের খুঁজে পেতেন না এবং আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন।
একাধিক অভিযোগ পাওয়ার পর বনানী থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, অপহৃত শিশু আতিকুলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রতারক চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের প্রতারণার শিকার হয়েছেন এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে চাকরি, বিনিয়োগ বা অতিরিক্ত লাভের প্রলোভনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী