সিলেটে মাদকের আস্তানায় অভিযান: ৩০ গ্রেফতার, উদ্ধার ৯,৪০০ ইয়াবা ও বিপুল আলামত
সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
সিলেট নগরীর কাষ্টঘর এলাকার মাদকের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৮৬ হাজার ২১০ টাকা এবং ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে ১০০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য অংশ নেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন এবং তিনটি মামলা দায়ের করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদকের চোরাকারবারি সেলিম আহমদকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, গত ৯ দিনের বিশেষ মাদকবিরোধী অভিযানে মোট ৯৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
তিনি জানান, জুন মাসের শুরু থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবির সাইবার ক্রাইম ইউনিট এবং জিনিআ টিম যৌথভাবে মোট ৬৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের অধিকাংশই প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
এ ছাড়া জুন মাসের শুরু থেকে ২৮ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ৮৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৩৮টি মামলা রুজু করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী