অপহরণ মামলার মাস্টারমাইন্ডসহ আরও দুই আসামি গ্রেফতার, মামলার পাঁচজনই এখন পুলিশের জালে
নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ | ২৯ জুন ২০২৬
সম্প্রতি সংঘটিত আলোচিত অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড)সহ আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার, ধারাবাহিক তদন্ত এবং আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোমবার (২৯ জুন) রাত ১টা ৩০ মিনিটে পল্টন থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মুন্সীগঞ্জ সদর থানার অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০), পিতা হাবিবুর রহমান, মাতা মোছাঃ হ্যাপী আক্তার, সাং- দক্ষিণ ইসলামপুর, থানা ও জেলা- মুন্সীগঞ্জ এবং মো. নুর হাছান নাঈম (২৩), পিতা মো. সেলিম, মাতা নুর জাহান আক্তার, সাং- কুলশ্রী ছেমদ আলী বেপারী বাড়ি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। বর্তমানে তিনি ঢাকার নয়াপল্টন ভাসানী গলিতে বিএনপি পার্টি অফিসের বিপরীতে বসবাস করতেন।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনিই অপহরণ ও মুক্তিপণ আদায়ের পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী। তার পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে কৌশলে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় নিয়ে গিয়ে জিম্মি করা হয়। পরে ভুক্তভোগীর পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এর আগে একই ঘটনায় গত ২৮ জুন আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। সর্বশেষ এই দুইজনকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার পাঁচজন এজাহারভুক্ত আসামিকেই আইনের আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম বলেন, “মুন্সীগঞ্জ জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ, কার্যকর তদন্ত এবং পেশাদারিত্বের ফলে অল্প সময়ের মধ্যেই মামলার পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।”
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী।