সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, সারওয়ার আলমকে পুনর্বহালের গুঞ্জনের অবসান
সিলেট প্রতিনিধি। শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
আলোচিত-সমালোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়ার পর সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান।
বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছিল যে, বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনরায় সিলেটে পুনর্বহাল করা হয়েছে। এমনকি খোদ প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ফিরিয়ে আনা হয়েছে বলেও প্রচার চালানো হয়। শনিবার রাতভর ব্যাপকভাবে এই গুজব ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জনের মধ্যেই সরকার সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু. রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। প্রজ্ঞাপনে অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী