বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার শিগগিরই হুমায়ুন কবিরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন
সিলেট প্রতিনিধি | শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
সিলেট জেলার আলোচিত রাজনৈতিক জনপদগুলোর অন্যতম বিশ্বনাথ উপজেলা। গত দুই দশকে স্থানীয় রাজনীতিতে নানা আলোচিত ও সমালোচিত ঘটনার কারণে দেশ-বিদেশের গণমাধ্যমের নজর বরাবরই এই উপজেলার দিকে ছিল। এবার নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার।
জানা গেছে, তিনি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলেছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, খুব শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন রাজনৈতিক বলয়ে যোগ দেবেন।
বিশ্বনাথ উপজেলার রাজনীতি দীর্ঘদিন ধরেই জাতীয় পর্যায়ে আলোচিত। ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির প্রভাবশালী নেতা ও বিশ্বনাথের কৃতী সন্তান এম. ইলিয়াস আলী ঢাকায় নিখোঁজ হওয়ার ঘটনা এখনো রহস্যাবৃত। এছাড়া রাজনৈতিক সহিংসতায় একাধিক প্রাণহানির ঘটনাও এ উপজেলার রাজনীতিকে আলোচনায় রেখেছে।
২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হলেও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের মতে, বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তাকে নিয়ে প্রায়ই প্রশ্ন উঠত—”দয়াল আসলে কোন ধারার রাজনীতির মানুষ?”
সম্প্রতি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে তার একান্ত সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে চেয়ারম্যান দয়াল বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবির ভাইয়ের সঙ্গে যোগদান করব। আমি বিএনপির রাজনীতিতে আগেও ছিলাম। বর্তমান বিএনপিতে যারা আছেন, তাদের অনেকের সিনিয়র আমি। কাগজপত্র খুঁজলে সেটার প্রমাণ পাওয়া যাবে। আমি দুই নৌকায় পা রাখতে চাই না। তাই এক দিকেই থাকতে চাই।”
নিজের আঞ্চলিক ভাষায় তিনি আরও বলেন, “ইনো আদা পথ মাইর করি মরমু দেখছি। এরলাগি হরিয়া যাইরামগি। তারা শান্তি থাখউক্ষা।”
চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদারের এই বক্তব্য ও সম্ভাব্য রাজনৈতিক যোগদান বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীরা।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী