বিশ্বনাথে বালু-পাথর ফেলে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী
সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সরকারি রাস্তার ওপর বালু, পাথর ও ইট ফেলে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় মসজিদের মুসল্লি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দৌলতপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে কামাল মিয়া বাদী হয়ে একই গ্রামের পাঁচজনকে অভিযুক্ত করে গত ১৬ জুন বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুর রহমান জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগে কামাল মিয়া উল্লেখ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাব খাটিয়ে চলাফেরা করেন এবং আইন-কানুনের তোয়াক্কা করেন না। তাদের বসতবাড়ির পাশ দিয়ে একটি সরকারি রাস্তা রয়েছে, যা ব্যবহার করে এলাকার ১০-১২টি পরিবারের সদস্য, স্থানীয় জামে মসজিদের মুসল্লি এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুন অভিযুক্ত আবুল খয়ের (৬৫), বাবুল মিয়া (৫৫), ফখরুল মিয়া (৪৫) ও ফাহাদ মিয়া (২৮) ঘর নির্মাণের উদ্দেশ্যে ওই সরকারি রাস্তার ওপর বালু, পাথর ও ইট এনে রাখেন। এতে রাস্তাটি কার্যত বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে এ বিষয়ে কেউ কথা বললে বা প্রশ্ন তুললে মারধরসহ জানমালের ক্ষতি করা হবে।
কামাল মিয়ার দাবি, সরকারি ওই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ যাতায়াত করেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মসজিদ, স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করা যায়।
প্রকাশ সম্পাদক। এস এম সোহাগ ফরাজী।