ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রাথমিক বাছাই শুরু
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর প্রথম দিনের প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন ২০২৬) সকাল ৮টা থেকে ঢাকার মিলব্যারাক পুলিশ লাইন্সের ১ নম্বর গেইট দিয়ে আবেদনকারী প্রার্থীদের প্রবেশ করানো হয়। পরে তাদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ লাইন্স মাঠে নেওয়া হয়।
প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জিয়াউর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (এ অ্যান্ড এফ) মো. আব্দুল্লাহ আল মাসুম, নরসিংদী জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, মেডিকেল অফিসারসহ ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রার্থীদের ২২ জুন সকাল ৮টায় অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষায় নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার আহ্বান জানান।
দিনব্যাপী কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ কমিটির সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ পুলিশের এ নিয়োগ কার্যক্রমে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।