শুধু শাহজালাল (রহ.) মাজার টার্গেট কেন, প্রশ্ন নূর মোহাম্মদ মুকুলের
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক উদ্যোগের প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছেন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নূর মোহাম্মদ মুকুল।
এক বিবৃতিতে তিনি বলেন, “শুধু হযরত শাহজালাল (রহ.) মাজারকে কেন্দ্র করে পদক্ষেপ গ্রহণ করলে বিতর্ক ও বৈষম্যের প্রশ্ন উঠতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করতে হলে সারা বাংলাদেশের সকল মাজার, মসজিদ ও মাদ্রাসার দানবাক্স এবং যাবতীয় আর্থিক হিসাব একটি কেন্দ্রীয় ও স্বচ্ছ নীতিমালার আওতায় আনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম সরাসরি সরকারি তত্ত্বাবধানে আনা যেতে পারে। একই সঙ্গে একটি জবাবদিহিমূলক কাঠামোর মাধ্যমে সংগৃহীত অর্থ ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
নূর মোহাম্মদ মুকুলের মতে, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং এ সংক্রান্ত সব ধরনের বিতর্কেরও অবসান ঘটবে।
সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে নতুন দানবাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।