ঢাকার শাহআলী থানা পর্যায়ে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর “পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম”-এর আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয় ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ আইডিয়া এবং ইনোভেশন প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উপস্থাপন করে দর্শনার্থী ও বিচারকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এমপি। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যক্ষ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবেয়া শিরিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শাহআলী, ঢাকা। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে শাহআলী থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের উপস্থাপিত প্রকল্প ও উদ্ভাবনী ধারণাগুলো প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মেধা, প্রযুক্তি দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটির আয়োজন করে থানা মাধ্যমিক শিক্ষা অফিস, শাহআলী, ঢাকা এবং বাস্তবায়ন করে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP), শিক্ষা মন্ত্রণালয়।