রামমূর্তি ও সনাতন ধর্ম কমপ্লেক্স নির্মাণ স্থগিত: সংসদে বিষয়টি তোলার আহ্বান ।অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজস্ব অর্থায়নে ও নিজস্ব জমিতে নির্মাণাধীন আলোচিত বৃহৎ রামমূর্তি ও সনাতন ধর্ম কমপ্লেক্সের নির্মাণকাজ আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এক বিবৃতিতে বলেন, বিষয়টি দেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও সাংবিধানিক স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। তিনি সংসদে প্রতিনিধিত্বকারী হিন্দু সংসদ সদস্যদের এ বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আহ্বান জানান।
গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “বিভিন্ন সময় রাস্তা বন্ধ করে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে নামাজ আদায়ের ঘটনাও দেখা গেছে, যা নিয়ে সাধারণত কোনো আপত্তি তোলা হয় না। অথচ প্রত্যন্ত এলাকায়, যেখানে আশপাশে কোনো মসজিদ বা মুসলিম জনবসতি নেই এবং স্থানীয় মুসলিম সমাজের কোনো সমস্যা হওয়ার কথা নয়, সেখানে রামমূর্তি ও ধর্মীয় কমপ্লেক্স নির্মাণে আপত্তি তোলা হচ্ছে কেন—তা খতিয়ে দেখা প্রয়োজন।”
তিনি এ বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে বলেন, “যারা আপত্তি তুলছেন, তাদের আপত্তির কারণ ও যৌক্তিকতা যাচাই করা হোক। যদি সেই আপত্তি অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”
উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন বৃহৎ রামমূর্তি ও সনাতন ধর্ম কমপ্লেক্সকে ঘিরে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলের আপত্তি ও বিতর্কের প্রেক্ষাপটে মন্দির কমিটি আপাতত নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।