মাজারে দখলদারিত্বে কুঠারাঘাত, আয়-ব্যয়ের হিসাব চাইলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম
শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর দরগাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা অস্বচ্ছতা ও কায়েমী স্বার্থসংশ্লিষ্টদের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
গত ১০ জুন সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি উভয় দরগাহের মসজিদ-মাদরাসা কমিটি, মোতাওয়াল্লী ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে দরগাহের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপনের নির্দেশ দেন।
জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের আবেদন এবং পরিকল্পনা কমিশনের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়। সভায় দরগাহ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সারওয়ার আলম বলেন, “হযরত শাহজালাল (রহ.) ও তাঁর ভাগ্নে হযরত শাহপরান (রহ.) কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নন। তাঁরা সিলেটবাসীর গর্ব, ঐতিহ্য ও সম্পদ। তাওহীদের আলো নিয়ে আসা এই মহান ব্যক্তিত্বদের দরগাহকে সকলের জন্য উন্মুক্ত ও স্বচ্ছ রাখতে হবে।”
তিনি আরও বলেন, দরগাহের সকল আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে প্রশাসনের কাছে তা জমা দিতে হবে। কোনো ধরনের অস্বচ্ছতা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।