র্যাব পরিচয়ে ডাকাতি: ২ ঘণ্টার মধ্যে ৫ ভুয়া র্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার আশুলিয়ায় র্যাব পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে পাঁচ ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ভুয়া র্যাব পরিচয়পত্র, পোশাক এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানার মামলা নং-১১৮ (তারিখ: ১৮ জুন ২০২৬) এর আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে ডিবি পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, অভিযুক্তরা একটি টয়োটা মাইক্রোবাসে করে সাভারের আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকায় যাওয়ার পথে রয়েছে।
এরপর ডিবি পুলিশের একটি চৌকস দল আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন মাইক্রোবাসটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হয় এবং বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত:
৩টি ভুয়া র্যাব পরিচয়পত্র (আইডি কার্ড)
৫টি কালো রঙের র্যাব ভেস্ট
৫টি কালো রঙের র্যাব ক্যাপ
১টি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস
৬টি নম্বর প্লেট
১টি ওয়াকিটকি সেট
১টি পিস্তলের কভার
১টি খেলনা পিস্তল
৩টি স্টিলের হ্যান্ডকাফ
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮)
২. মোঃ সুমন (৩৬)
৩. মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫)
৪. মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫)
৫. মোঃ কাঞ্চন (৩৫)
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ভুয়া র্যাব পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।