বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’: জুবায়ের আহমেদ তাসরিফের মন্তব্যে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক:
অসুস্থ বৃদ্ধ বাবার উত্থাপিত অবহেলা ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের মুখে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তরুণ ইসলামি বক্তা ও আলোচক হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ। গণমাধ্যমের ভূমিকাকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেছেন, “মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।”
সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে তাঁর বাবা কান্নাবিজড়িত কণ্ঠে অভিযোগ করেন—ভিক্ষা ও মানুষের কাছে হাত পেতে ছেলেকে চিকিৎসা করিয়ে হাফেজ ও মাওলানা বানিয়েছেন, কিন্তু ছেলে এখন বিত্ত ও খ্যাতির মালিক হয়ে জন্মদাতা অসুস্থ বাবার খোঁজখবর পর্যন্ত নিচ্ছে না। বাবার সেই হৃদয়বিদারক বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তীব্র সমালোচনার মুখে পড়েন তাসরিফ।
সেই অভিযোগ ও সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এবং গণমাধ্যমের প্রতিবেদনের তীব্র সমালোচনা করে এমন চাঁচাছোলা মন্তব্য করেন তিনি। তাসরিফের দাবি, তাঁর বিরুদ্ধে গণমাধ্যমে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা ও অপপ্রচার চালানো হচ্ছে এবং পারিবারিক বিষয়কে অতিরঞ্জিত করে সমাজে তাঁকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
তবে বাবার এমন আবেগঘন আর্তি ও কষ্টের বিপরীতে তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ বলছেন, জন্মদাতা পিতার অসহায়ত্ব নিয়ে এমন চরম আক্রমণাত্মক ও অবিবেচক মন্তব্য কোনোভাবেই একজন ধর্মীয় আলোচক বা সুনাগরিকের কাছ থেকে কাম্য হতে পারে না।
বাবার অভিযোগ ও তাসরিফের এমন পাল্টা বক্তব্যের পর বিষয়টি এখন সামাজিক মাধ্যম ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এস এম সোহাগ ফরাজী