বিশ্বনাথে পৌরসেবা নিশ্চিতে সোচ্চার নাগরিক সমাজ: ১১ দফা দাবিতে ১৫ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ পৌরসভা থেকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং নানা অব্যবস্থাপনা দূরীকরণের লক্ষ্যে সোচ্চার হয়েছেন সচেতন পৌরবাসী।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাতে বিশ্বনাথ পৌরশহরের একটি স্থানীয় পার্টি সেন্টারে সচেতন পৌরবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনার পর বিশ্বনাথ পৌরসভার নাগরিকদের অধিকার রক্ষায় প্রাথমিক পর্যায়ে ১১ দফা মৌলিক দাবি নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে এসব যৌক্তিক দাবি আদায়ে পৌরসভার সর্বস্তরের সাধারণ নাগরিক, ভোটার ও ব্যবসায়ী সমাজের সমন্বয়ে অচিরেই একটি শক্তিশালী ‘দাবি আদায় বা বাস্তবায়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত হয়। পরিষদ গঠনের লক্ষ্যে সভায় উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্যের প্রস্তুতি কমিটি:
ঘোষিত প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন—মো. গৌছ খান, মুজিব আহমদ মনির, দয়াল উদ্দিন তালুকদার, ডা. চেরাগ আলী, হাজী ময়নুর রহমান, আবু বক্কর সিদ্দিকী, তাজ উদ্দিন, আব্দুল মতিন, আব্দুস সোবহান মেম্বার, হেলাল মিয়া মেম্বার, বাবুল মিয়া, তারেক আহমদ খজির, শাহ আমির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান আলী।
প্রাথমিক ১১ দফা দাবিসমূহ:
সভায় নির্ধারিত প্রাথমিক দাবিসমূহের মধ্যে রয়েছে—
১. অযৌক্তিক ও অতিরিক্ত ধার্যকৃত হোল্ডিং করের পুনর্বিবেচনা ও হ্রাস।
২. ট্রেড লাইসেন্স ফি সহনীয় পর্যায়ে আনা ও জটিলতা নিরসন।
৩. প্রবাসীদের জন্য বিশেষ নাগরিক সেবা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিতকরণ।
৪. জন্ম নিবন্ধন, ওয়ারিশান সনদসহ দৈনন্দিন জরুরি নাগরিক সেবা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি বন্ধ করা।
৫. কার্যকর মশক নিধন অভিযান পরিচালনা।
৬. সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারী চলাচল স্বাভাবিক করা।
৭. শহর পরিচ্ছন্ন রাখতে নিয়মিত ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ।
৮. পৌর এলাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন।
৯. ঐতিহ্যবাহী বাসিয়া নদীর দূষণ রোধ ও নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা।
১০. টেকসই ও পরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।
১১. পৌর এলাকার তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও মাদক নির্মূল।
বক্তাদের অভিমত:
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুক্তরাজ্যপ্রবাসী মো. গৌছ খানের সভাপতিত্বে এবং যুবনেতা শাহ আমির উদ্দিনের পরিচালনায় সভায় স্বাগত ও মূল বক্তব্য তুলে ধরেন আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির এবং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্ধিত করের বোঝা চাপানো হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা এবং যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো টেকসই উদ্যোগ নেই। সেবা নিশ্চিত না করে কর আদায়ের চাপ কোনোভাবেই কাম্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. চেরাগ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ময়নুর রহমান, যুক্তরাজ্যপ্রবাসী আবু বক্কর সিদ্দিকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সমাজকর্মী তাজ উদ্দিন, ব্যবসায়ী আব্দুল মতিন, আব্দুস সোবহান মেম্বার, হেলাল মিয়া মেম্বার, বাবুল মিয়া, রাজনীতিবিদ শাহজাহান আলী, মোহাম্মদ শাহজাহান, সমাজকর্মী আলকাছ আলী, ইছাক আলী, তছলিম উদ্দিন, বেলাল আহমদ, ময়নুল ইসলাম এবং রাজন আহমদসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।