সুনামগঞ্জে পারিবারিক কলহে বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা: ছেলে আটক
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম নুরু আলম (৪৫)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিজেদের টিনের বসতঘরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা রেজিয়া খাতুনের সঙ্গে ছেলে নুরু আলমের কথাকাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুরু আলম ঘর থেকে ধারালো দা এনে অতর্কিতভাবে মায়ের গলার পেছনে সজোরে কোপ মারে। এতে গভীর ক্ষতের সৃষ্টি হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধা রেজিয়া খাতুন।
মায়ের আর্তচিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং অভিযুক্ত নুরু আলমকে আটকে রেখে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ নুরু আলমকে নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরেই ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এস এম সোহাগ ফরাজী