আশুগঞ্জে লেপ-তোষকের কারখানায় অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে রক্ষা পেল ২০ লাখ টাকার সম্পদ
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি লেপ-তোষক ও জুটের কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা সম্ভব হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত ‘মদিনা বেডিং স্টোর’-এ এ অগ্নিকাণ্ড ঘটে। প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় ব্যবসায়ী জনাব জাহেদুল ইসলাম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে টিনশেড ঘরে গড়ে তোলা ওই তুলা ও জুটের কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই দাহ্য পদার্থ তুলা ও কাপড়ের ঝুটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলে পৌঁছায় আশুগঞ্জ ফায়ার স্টেশনের প্রথম ও দ্বিতীয় কল গাড়িসহ দুটি ইউনিট।
আশুগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মো. ওয়াসি আজাদের নেতৃত্বে দমকল বাহিনীর চৌকস দল বিকেল ৪টা ৪০ মিনিটে সরাসরি নির্বাপণ কাজ শুরু করে। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে বিকেল ৫টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছিল।
অগ্নিকাণ্ডে কারখানাটির কাঁচামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কারণে আশপাশের দোকানপাটসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল ও সম্পদ অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।
এস এম সোহাগ ফরাজী