সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে এসএমপির অভিযান: ৯ হকার আটক
নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা
সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
সিলেট:
সিলেট মহানগরীর ব্যস্ততম সড়ক ও ফুটপাতে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অভিযানকালে জনদুর্ভোগ সৃষ্টি ও সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ৯ জন হকারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দিনভর নগরীর কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা এবং দক্ষিণ সুরমা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্ট ও জনবহুল সড়কে একযোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে পসরা সাজিয়ে বসার কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল এবং নিত্যদিনের তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এমন পরিস্থিতিতে ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযানে নামে পুলিশ। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ হকার ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ৯ জন হকারকে হাতেনাতে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এসএমপির এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এস এম সোহাগ ফরাজী