বিশ্বনাথে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: পরিবার থেকেই সচেতনতা তৈরির তাগিদ ইউএনওর
নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা
সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
সিলেট:
দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম বলেছেন, “দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কেবল প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, এজন্য সমাজের সকল স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। দুর্নীতি প্রতিরোধের এই বার্তা কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বা আনুষ্ঠানিক আয়োজনে সীমাবদ্ধ না রেখে গ্রাম পর্যায়ে এবং প্রতিটি পরিবারের ভেতরে ছড়িয়ে দিতে হবে।”
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সিলেটের বিশ্বনাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-র উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ বিয়াম ল্যাবরেটরি স্কুলের হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের যুক্তিতর্কে দুর্নীতির কুফল ও তা প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা প্রাঞ্জলভাবে উঠে আসে।
উপজেলা দুপ্রক সভাপতি আবুল কালাম মনোহর আলীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মনি কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. মধু মিয়া, সহ-সভাপতি আবু জাফর মো. নোমান, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক খালেদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন এবং বালাগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রক সদস্য জিলুর রহমান, আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন, বদরুল ইসলাম মহসিন, শফিক উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
দিনব্যাপী তুমুল যুক্তিতর্কের লড়াই শেষে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। দলগুলো হলো—একলেমিয়া উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়, রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় এবং সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়।
উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মো. মধু মিয়া জানান, খুব দ্রুতই সেমিফাইনাল ও ফাইনাল পর্বের সুনির্দিষ্ট তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এস এম সোহাগ ফরাজী