দিরাইয়ে কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দিরাই উপজেলায় কালনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ (টানাখালি) বাজারের পশ্চিমপাড় ফেরিঘাটসংলগ্ন কালনী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রজনীগঞ্জ (টানাখালি) বাজারের পশ্চিমপাড় ফেরিঘাটের পাশে কালনী নদীতে তীব্র দুর্গন্ধযুক্ত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা দিরাই থানায় খবর দেন।
সংবাদ পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের তদন্ত ও নিখোঁজের সূত্র
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটিতে পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।
তিনি আরও জানান, দুই দিন আগে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রাম থেকে এক নারী নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই নারীর কি না এবং ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা অধিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা