বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রবীণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ‘মেসার্স প্রিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
জুমার নামাজের পর মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে স্থানীয় পথচারীরা ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে তাঁর নিথর দেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকেল আনুমানিক ৪টার দিকে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে পরিবার-পরিজনসহ ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
প্রাথমিক ধারণা ও আইনি প্রক্রিয়া
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী রুনা বেগম ও ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এস এম সোহাগ ফরাজী।