জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রামরু’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ‘রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট’ (রামরু)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬ খ্রি.) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পীকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়েই সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের অর্পিত দায়িত্ব অপরিসীম।” দেশের হাওড় অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাঁদের জীবিকার সংকট কাটাতে পর্যাপ্ত ও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, এই গবেষণা থেকে অর্জিত জ্ঞানকে আমাদের বাস্তবমুখী নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।
বৈঠকে বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ‘সংসদীয় ককাস’ গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ)-এর সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে থাকা বাংলাদেশের সার্বিক বস্তুনিষ্ঠ চিত্র ও দাবি আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠভাবে তুলে ধরার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে দেশের অভ্যন্তরে মানুষের অভিবাসন (মাইগ্রেশন) এবং বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার নানা চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর তীব্র পরিবর্তনের ফলে মানুষের জীবন ও জীবিকায় অস্বাভাবিক রূপান্তর ঘটছে, যার ফলশ্রুতিতে দিন দিন সামাজিক ও পারিবারিক সুদৃঢ় বন্ধনগুলোও দুর্বল হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে নিজের মতামত তুলে ধরেন ভারপ্রাপ্ত স্পীকার।
উল্লেখ্য, রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক। প্রতিষ্ঠানটি দীর্ঘ তিন দশক ধরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অভিবাসন, শরণার্থী সমস্যা, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও দারিদ্র্য বিমোচনে বহুমুখী গবেষণা ও জাতীয় নীতিমালা প্রণয়নে সরকারকে নীতিগত সহায়তা প্রদান করে আসছে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবন যাএা