কানাইঘাটে একসঙ্গে পাঁচ জানাজা, কাতার থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন ৫ প্রবাসী
সিলেট প্রতিনিধি:
পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে কাতারে পাড়ি জমিয়েছিলেন পাঁচ যুবক। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর অবশেষে কফিনবন্দি হয়ে ফিরলেন তারা।
মঙ্গলবার সকালে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহগুলো তাদের নিজ উপজেলা কানাইঘাটে নিয়ে যাওয়া হলে নেমে আসে শোকের ছায়া।
একই মাঠে সারিবদ্ধভাবে রাখা হয় পাঁচটি মরদেহ। একসঙ্গে অনুষ্ঠিত হয় পাঁচজনের জানাজা। হৃদয়বিদারক এ দৃশ্যে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও সহস্রাধিক মুসল্লি। পুরো জনপদ যেন শোকে স্তব্ধ হয়ে যায়।
নিহতরা সবাই জীবিকার সন্ধানে কাতারে কর্মরত ছিলেন। পরিবারের সুখ-সমৃদ্ধির আশায় বিদেশে গেলেও ভাগ্যের নির্মম পরিহাসে তাদের মরদেহই ফিরে এলো নিজ জন্মভূমিতে।
জানাজায় অংশ নেওয়া স্থানীয়দের অনেকেই বলেন, একসঙ্গে পাঁচটি জানাজা পড়ার মতো বেদনাদায়ক দৃশ্য তারা আগে কখনো দেখেননি। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে উপস্থিত মানুষের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, সম্প্রতি কাতারে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার এই পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হন। সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানো হয়। মঙ্গলবার জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী