‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই’ স্লোগানে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ২০২৬ পালিত
নিজস্ব প্রতিবেদক:
“শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সফলভাবে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ২০২৬ পালন করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস), ইউনিসেফ, ব্র্যাক এবং সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন।
এ সময় সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার জাভেদ মিয়ানদাদ জিএফএফও-সমর্থিত প্রকল্পসমূহের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে রাইমসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফকরুল আরেফিন রাইমস-ইউনিসেফ সহযোগিতার আওতায় পরিচালিত বিদ্যমান কার্যক্রমসমূহ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে “মাঠের কণ্ঠস্বর” শীর্ষক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। এতে সুনামগঞ্জ থেকে আগত বজ্রপাতে আহত কৃষক, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কারিগরি অধিবেশনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান বজ্রপাতের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বিদ্যমান প্রচার পদ্ধতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। তিনি জানান, রাইমসের কারিগরি সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ২০২৫ সালের ১ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রচার শুরু করেছে। এ ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এক থেকে ছয় ঘণ্টা আগে বজ্রপাতের সতর্কবার্তা ও করণীয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এরপর রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানী বজ্রপাত সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সিপিআর প্রদান করা হলে অধিকাংশ ক্ষেত্রেই জীবন রক্ষা করা সম্ভব।
সমাপনী পর্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার বিভাগের উপপরিচালক মো. শরীফুল হক বিশেষ বক্তব্য প্রদান করেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. জামাল উদ্দিন কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস জাতীয় পর্যায়ে পালনের ক্ষেত্রে সরকারের আগ্রহের কথা জানান। পাশাপাশি তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর সুরক্ষা অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী