রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক, শিক্ষার্থীসহ বিএনসিসি ও স্কাউটস সদস্যদের সাথে খোলামেলা মতবিনিময় করেন।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে কোনো পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা ছাড়াই প্রতিষ্ঠানটিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে সরকারপ্রধান ক্যাম্পাস প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ এবং মাঠ ঘুরে দেখেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন। এ সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক এবং বিএনসিসি ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
মৌসুমি রোগব্যাধি, বিশেষ করে ডেঙ্গু সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি ক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কোথাও যাতে জমে থাকা পানি বা এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি না হতে পারে, সে বিষয়ে নিজ পরিবার ও প্রতিবেশীদের সচেতন করার আহ্বান জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানটির নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্ন পরিবেশে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শারীরিক কসরত ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।