আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক পরিসরে দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও মেধার বিকাশকে উৎসাহিত করতে সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদান প্রদান করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বুলগেরিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (IJSO) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ বিশেষ অনুদান দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড মূলত বিশ্বের বিভিন্ন দেশের স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, বৈজ্ঞানিক চিন্তাধারা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্রতিযোগিতাগুলোর একটি। বৈশ্বিক এই মঞ্চে বাংলাদেশের খুদে বিজ্ঞানীদের অংশগ্রহণের পথ সুগম করা এবং তাদের মেধার সর্বোচ্চ বিকাশে প্রাতিষ্ঠানিক সহায়তা দেশের সার্বিক বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ উদ্যোগের অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “মেধাবী শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি করে দিতে বড় প্রাতিষ্ঠানিক সহযোগিতা অপরিহার্য। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী সক্ষমতা ও বৈশ্বিক দক্ষতা অর্জনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ইতিবাচক ভূমিকা রাখবে।”
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মিজ্ শামিম সুলতানা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও মেধা বিকাশের এমন জনকল্যাণমূলক উদ্যোগে ব্যাংকটিকে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এইচআরএম) জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা)।
কমিউনিটি ব্যাংক কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করে যে, শুধু ব্যবসায়িক কার্যক্রমেই নয়, প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, বিজ্ঞান, মানবিক কল্যাণ এবং দক্ষ আগামী প্রজন্ম গঠনে ব্যাংকটি তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।
এস এম সোহাগ ফরাজী