পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি সোনা সোহেল গ্রেফতার: আদালতে বিচারাধীন ৩ মামলা
স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল সিকদার ওরফে সোনা সোহেল (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বনানী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সোহেল সিকদার ওরফে সোনা সোহেল পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুর পাড় (স্টাফ কলোনী) এলাকার বাসিন্দা মোঃ আলী আকবর সিকদার ও মৃত রাহিনুর বেগমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায়। রাত আনুমানিক ২২টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের বনানী ঈদগাহ মাঠের সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে অবস্থানকালে সোনা সোহেলকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত সোহেল সিকদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। একাধিক মামলা থাকার পরও সে এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পটুয়াখালী সদর থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এস এম সোহাগ ফরাজী