অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা
সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী
ঢাকা/সিলেট:
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সংগঠনের নাম ও ব্যানার ব্যবহার করে কোনো শাখা কমিটির অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ অবৈধ এবং সরাসরি জালিয়াতির শামিল বলে কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে সিলেট বিভাগীয় শাখাকে ইঙ্গিত করে অননুমোদিত কোনো কমিটিকে বৈধতা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী বারেক বৈদেশী এই সাংগঠনিক অবস্থান ও সতর্কবার্তা তুলে ধরেন।
বিবৃতিতে প্রখ্যাত গীতিকার শাহ্ শফিককে উদ্দেশ করে সাধারণ সম্পাদক বলেন, "বাংলাদেশ বাউল সমিতির নাম ব্যবহার করে সিলেটে যে তথাকথিত নবগঠিত কমিটির সফলতা কামনা করা হচ্ছে, সেটি কেন্দ্রীয় অনুমোদিত কোনো কমিটি নয়। এটি স্পষ্টত বাংলাদেশ বাউল সমিতির নাম অপব্যবহার করে জালিয়াতি করার অপচেষ্টা।"
তিনি আরও উল্লেখ করেন, সারা দেশের সব শাখা কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগেই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সবাই অবগত থাকার পরও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
শাহ্ শফিকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনি নিজেকে বাংলাদেশ বাউল সমিতি সিলেট বিভাগীয় সভাপতি দাবি করে বিভিন্ন স্থানে পোস্ট দিচ্ছেন, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। সিলেট বিভাগীয় কমিটি কেন্দ্র থেকে পুনরায় অনুমোদন না দেওয়া পর্যন্ত আপনি কেবল 'সাবেক সভাপতি' পদবি ব্যবহার করতে পারবেন, বর্তমান সভাপতি নয়।"
সংগঠনের স্বার্থে যেকোনো বিভ্রান্তিকর তৎপরতা থেকে বিরত থেকে অবিলম্বে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংগঠনের গঠনতন্ত্র ও নাম সুরক্ষায় কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
এস এম সোহাগ ফরাজী