সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকা ট্রিপল মার্ডার: ৪ দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন বাবুল
স্টাফ রিপোর্টার / সিলেট ব্যুরো: সিলেট মহানগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার বহুল আলোচিত ‘নিকুঞ্জ ভিলা’য় বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার বাবুল মিয়ার (৪০) চার দিনের পুলিশি রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মাদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শেষে বাবুল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন।
খাস কামরায় বিচারকের কাছে জবানবন্দি
আইনজীবী অ্যাডভোকেট মইনুল হক বুলবুল জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টার দিকে বাবুল মিয়াকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার খাস কামরায় নেওয়া হয়। সেখানে তার জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়।
এর আগে গত ১৬ আগস্ট বাবুল মিয়াকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
হত্যাকাণ্ড ও আলামত উদ্ধার প্রসঙ্গ
গত ১২ আগস্ট সকালে রায়নগরের ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলা’ থেকে বাসার মালিক সাবেক কয়লা ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো. আব্দুস সত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সত্তার সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রায়নগর রাজবাড়ী কলোনি থেকে বাবুল মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরাটি উদ্ধার করা হয়।
এস এম সোহাগ ফরাজী।
দৈনিক জীবনযাত্রা