লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত: এলাকায় শোকের ছায়া
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মোঃ মাছুম আহমদ (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
লন্ডনের স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তদের গুলিতে তিনি মারা যান।
নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের মোঃ আমির আলীর বড় ছেলে।
বাবার বরাতে মৃত্যুর খবর নিশ্চিত
নিহত মাছুম আহমদের পিতা মোঃ আমির আলী ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার গভীর রাতে লন্ডনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মাছুমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
মাছুম আহমদের অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর বিশ্বনাথে পৌঁছালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ পুরো উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। শোকার্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এস এম সোহাগ ফরাজী