সিলেটে যোগ দিতে পারলেন না নতুন ডিসি মু. রেজা হাসান, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে পিংকি সাহা
সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।
সিলেটে নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। তিনি কবে সিলেটে যোগদান করবেন, কিংবা আদৌ যোগ দিতে পারবেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। এ অবস্থায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন পিংকি সাহা।
ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, “গত ১ জুলাই ডিসি স্যার কুমিল্লা থেকে সিলেটে আসবেন বলে আমাদের জানানো হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিনি আসছেন না। কবে আসবেন, তা পরে জানানো হবে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত বুধবার সিলেটে যোগদানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছিলেন মু. রেজা হাসান। তবে শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের নির্দেশে তাঁকে ফিরে যেতে হয়।
অন্যদিকে, কুমিল্লায় তাঁর স্থলাভিষিক্ত রোজী আকতার একই দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে মু. রেজা হাসানের বর্তমান প্রশাসনিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
একাধিক প্রশাসনিক সূত্রের দাবি, ওই দিন সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়েও মু. রেজা হাসানকে দেখা গেছে। তবে কী কারণে তাঁর সিলেটে যোগদান স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সিলেট জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, শনিবার পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি। ফলে মু. রেজা হাসান শেষ পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন, নাকি তাঁর পরিবর্তে অন্য কাউকে পদায়ন করা হবে—তা এখনো অনিশ্চিত।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে পিংকি সাহাই দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
দৈনিক জীবন যাএা
এস এম সোহাগ ফরাজী