ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা-২০২৬ উপলক্ষে বগুড়ায় ব্রিফিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | বগুড়া
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এ লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, যারা এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হবেন। তাই কোনো প্রার্থী বা তাদের পরিবার যেন প্রতারক কিংবা দালাল চক্রের খপ্পরে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এ ধরনের প্রতারণা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে বলেও তিনি জানান।
ব্রিফিং প্যারেডে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধিবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।