হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে বৈদ্যুতিক মানবদেহ দাহ চুল্লির উদ্বোধন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৪ এর অন্তর্ভুক্ত ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে আধুনিক বৈদ্যুতিক মানবদেহ দাহ চুল্লির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, আধুনিক ও পরিবেশবান্ধব এ উদ্যোগ নগর সেবার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং ফেরদৌসী আহমেদ মিষ্টি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার। তিনি আধুনিক দাহ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ, মিরপুরের আহ্বায়ক শ্রী পরিমল কুমার কুণ্ডু এবং হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাট কমিটির সভাপতি ফণীন্দ্র চন্দ্র দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ জালাল উদ্দিন।
বক্তারা বলেন, বৈদ্যুতিক দাহ চুল্লি ব্যবহারের মাধ্যমে সময়, ব্যয় ও পরিবেশগত ক্ষতি কমানো সম্ভব হবে। পাশাপাশি এটি নগরবাসীর জন্য একটি আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।